ভাতমজা
ভাতমজা কথাটি চাকমা সমাজে খুব পরিচিত একটি নাম । নামটি শুনেননি বা জানেন না সেরকম বোধয় খুব কম আছেন । ভাতমজা হচ্ছে একটি পুষ্টিকর খাবারের প্যাকেট ( a nutritious meal ) বা আরও ভাল করে বুঝার জন্য চাকমা ভাষায় যদি বলি “সুদ্দে লোই উক্কো ভাত সাচ্” উপহার পাওয়া । সাধারণত সদ্য সন্তান জন্ম দিয়েছেন এমন মা অর্থাৎ প্রসূতি মা ( চাকমা ভাষায় বিনি মিলে ), অথবা সদ্য বড় কোন অসুখ থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদেরকে আত্মীয়, প্রতিবেশী, বন্ধু-বান্ধব মহলের পরিবার থেকে ভাতমজা দেয়া হয় । কারণ, ঐ সময়ে বড় একটা শারীরিক ধকলের পর তাড়াতাড়ি পুষ্টির ঘাটতি পূরণের জন্য তাদের সহজপাচ্য, পুষ্টিকর, রুচিবর্ধক ও বলকারক খাবার খুব দরকার হয় । বিশেষ করে প্রসূতি মা ও নবজাতক উভয়ের জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খুব জরুরী । হয়তবা সেই চাহিদা থেকেই ভাতমজার প্রচলন শুরু হয়েছে ।
ভাতমজায় সাধারণত ভাল চালের ভাত এর সাথে থাকে কম ঝাল দিয়ে তেল ছাড়া ( চাকমা ভাষায় তাবা দিয়্যা তোন ) ও তেল দিয়ে রান্না করা নানারকম তরকারি । যেমন, করলা তরকারি তো থাকবেই, চাকমাদের প্রিয় আরও নানা রকম সবজির তরকারি, কয়েক রকমের শুটকি কলা পাতা দিয়ে রান্না করা ( পাদা কেবাং ) , ডিম, মাছ, মাংস ( সাধারণত মুরগীর মাংস ), পায়েস ইত্যাদি । কেউ কেউ ভাতমজার সাথে নবজাতকের জন্য সামর্থ অনুযায়ী উপহার সামগ্রী যেমন নতুন জামা, কাঁথা, টাকা, গয়নাও দেন ।
ভাতমজা আবার পাড়ার সবচেয়ে বয়স্ক আত্মীয় বা প্রতিবেশীকেও দেয়ার রীতি আছে । চাকমা সমাজে ভাতমজা দেয়ার এই সুন্দর সংস্কৃতিটা ঠিক কবে থেকে শুরু হয়েছে আমার জানা নেই, তবে গ্রামে, শহরে এবং বিভিন্ন দেশে বসবাসরত চাকমাদের মধ্যে এখনও এর প্রচলন দেখা যায় সে কলাপাতপায় মুড়ে হোক বা টিফিন ক্যারিয়ারে বা হট ক্যারিয়ারে । এটি চাকমা সমাজের একটি খুব সুন্দর ও Good Practice বলতে হবে যা সামাজিক সম্প্রীতি, মূল্যবোধ, সৌহার্দ্য ও একতাবদ্ধতার পরিচয় দেয় ।
সামাজিক সম্প্রীতির এরকম উদাহরণ আমাদের সমাজে আরও আছে, যেমন মালেয়্যা । মালেয়্যা হচ্ছে সাধারণত কারও বিশাল জুমের ধান পাকলে যখন পাড়ার আত্মীয়, প্রতিবেশী, পাড়াবাসী, সবাই মিলে সেই গেরস্থ জুমচাষীকে একযোগে সবাই মিলে ধান কাটতে সাহায্য করেন । আর, ধান কাটা শেষ হলে গেরস্থ পরিবার সবাইকে সাধারণত শুকরের মাংস দিয়ে ভাত খাওয়ান । চাকমাসহ পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের বিভিন্ন ভাষাভাষী সকল আদিবাসীদের মধ্যে আদিকাল থেকে ঐতিহ্যগতভাবে দলবদ্ধ হয়ে বসবাস করার রীতি রয়েছে । আজ সময় ও পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে আমাদের অনেক প্রথা, সংস্কৃতি, ঐতিহ্য প্রায় হারিয়ে গেলেও ভাতমজার সংস্কৃতি এখনও আছে । ভাতমজা বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে ।।
সংগ্রহ ঃ ৫ম পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন ২০২৫ স্মারক সংকলন থেকে ।


কোন মন্তব্য নেই:
Jhu Jhu
Welcome to my blog. I know how much my blog will help you. Can not help as you like? Let me know your choice in the comments to get your choice. I will try to give your favorite poems and books. Thank you for coming to my blog, come back .